ময়মনসিংহের ভালুকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনে পুড়ে নিহত হয় শিশু খাদিজা (৫), রায়হান (৩) ও রাদিয়া (২)। সোমবার নেত্রকোণার কলমাকান্দায় তাদের নিজ গ্রামে নিহত তিন ভাইবোনের দাফন সম্পন্ন হয়েছে।
ওই তিন শিশু কলমাকান্দা উপজেলার ৩ নম্বর পোগলা ইউনিয়নের বেখরিকান্দা শুনই গ্রামের বাসিন্দা গার্মেন্টসকর্মী সুমনের সন্তান। সন্তানদের হারিয়ে একবারে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তাদের বাব-মা। একই পরিবারে একসাথে তিন শিশুর মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় চলছে শোকের মাতম।
সোমবার (২১ ফেব্রুয়ারি) ভোরে তাদের মরদেহ ময়মনসিংহের ভালুকা থেকে নিজ গ্রামে নিয়ে আসা হয়।
এর আগে গত রোববার রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহের ভালুকা উপজেলার সীডস্টোর বাজার এলাকায় বসতঘরে গ্যাস সিলিল্ডার বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুদের বাবা সুমন স্থানীয় রুবেলের বাসায় ভাড়া থাকতেন।
ভালুকা থানা সূত্রে জানা যায়, গার্মেন্টস কর্মী বাবা-মা সন্ধ্যার পর তিন শিশুকে বাসায় রেখে বাহিরে তালা দিয়ে বের হয়েছিলেন। রাত সাড়ে ৯টার দিকে ঘরে বিস্ফোরণ ঘটে। পরে এলাকাবাসীর সহযোগিতায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এসময় অগ্নিদগ্ধ মৃত তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: অমর একুশেতে বিজাতীয় সংস্কৃতি রুখে দেয়ার ডাক
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা একাত্তরকে বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে নগদ ত্রিশ হাজার অনুদান দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, নিহতদের পরিবারের আর্থিক সহযোগিতা ছাড়াও সমস্যার কথা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা প্রশাসন সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, ভবিষ্যতেও পাশে থাকবে।
একাত্তর/আরবিএস