গাজীপুরে ডাকাতির সঙ্গে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুর মহানগর পুলিশের মিডিয়া সেল থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকার বাসিন্দা মো. রিমন (২০), গাজীপুরের আহাম্মেদ আলী (১৮), মো. সজিব হোসেন রাজা (২২), মো. জাহাঙ্গীর (২৯), মোঃ রনি (১৯), মেহেদী হাসান মিরাজ (১৯), মো. সাব্বির হোসেন (১৯), মো. শাওন খন্দকার ওরফে শাওন (২১) এবং পঞ্চগড়ের নবদ্বীপ (২২) ও ঢাকার আশুলিয়ার মো. হৃদয় (১৯)।
গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ ইলতুৎ মিশ জানান, নেত্রকোণা থেকে শশাংক কুমার সরকার ঝন্টু নামের এক ব্যক্তি তার কয়েকজন বন্ধুসহ ২৩ ফেব্রুয়ারি ব্যক্তিগত প্রাইভেটকারে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। ওইদিন দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তাদের গাড়ি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মহানগরের গাজীপুরা এলাকায় হোপলোন গার্মেন্টেসের সামনে পৌঁছলে তাদের সামনে থাকা দুইটি ট্রাকের কারণে প্রাইভেটকারের চালক গতি কমায়। পরে রাস্তার দুই পাশ থেকে ১৩ থেকে ১৪ জন ডাকাত দেশিয় অস্ত্রসস্ত্রসহ তাদের ঘিরে ফেলে।
এক পর্যায়ে গাড়ি থেকে বের করে ডাকাতরা তাদের দেশিয় অস্ত্রের মুখে জিম্মি করে হত্যার ভয়ভীতি দেখিয়ে সাথে থাকা নগদ ৭৭ হাজার ৬০০ টাকা, ৬টি মোবাইল ফোন এবং একটি স্বর্ণের আংটি নিয়ে পালিয়ে যায়।
আরও পড়ুন: বান্দরবানে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা, আহত চার
এ বিষয়ে ২৪ ফেব্রুয়ারি টঙ্গী পূর্ব থানার মামলা হয়। পরে গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে টঙ্গী পূর্ব থানার একটি টিম তাদের গ্রেপ্তার করে।
ডাকাত সদস্যরা বিভিন্ন সময়ে ঢাকা-ময়মনসিংহ রোডে গাড়ি আটকিয়ে ভয়ভীতি দেখিয়ে ডাকাতি করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
একাত্তর/আরএ