মোংলা বন্দরে আবারও কয়লা বোঝাই কার্গো ডুবি

মোংলা বন্দরের হাড়বাড়ীয়া এলাকায় আবারও কয়লা বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। দুর্ঘটনাকবলিত কার্গো জাহাজের আটজন স্টাফ ও দুই নিরাপত্তা কর্মীকে উদ্ধার করে কোস্টগার্ড। 

বৃহস্পতিবার (৩ মার্চ) রাত সাড়ে ১১ টার দিকে বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়া-৪ নম্বর অ্যাংকোরেজ এলাকায় ডুবো চরে আটকে তলা ফেটে কার্গোটি ডুবে যায়। 

ডুবে যাওয়া কার্গো জাহাজটির নাম এমভি নাওমী।

এর আগে গত ১৬ নভেম্বর হাড়বাড়ীয়ায় কয়লা বোঝাই একটি বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছিল। 

এমভি নাওমীর মাস্টার মো. আজিজুল হক জানান, মোংলা বন্দরের হাড়বাড়ীয়া-৫ নম্বর অ্যাংকোরেজে থাকা বিদেশি বাণিজ্যিক জাহাজ এমভি ‘জর্ডান এস’ থেকে বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে ছয়শ’ মেট্রিক টন কয়লা বোঝাই করা হয়। এরপর বিদেশি জাহাজ থেকে ছেড়ে এসে হারবাড়ীয়া-৪ নম্বর  অ্যাংকোরেজ এলাকায় পৌঁছালে ডুবে চরে আটকে যায় কার্গোটি। পরে তলা ফেটে ইঞ্জিন রুমে পানি ঢুকতে শুরু হয়। এরপর কিছু সময়ের মধ্যেই কার্গোটি চ্যানেলের পশ্চিম পাড়ের চরে ডুবে যায়। 

খবর পেয়ে কোস্ট সদস্যরা জাহাজের স্টাফ ও নিরাপত্তা কর্মীকে উদ্ধার করেন। এ ঘটনায় শুক্রবার (৪ মার্চ) রাতে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের ডেপুটি হারবার মাস্টার ক্যাপ্টেন শাহাদাৎ বলেন, কার্গোটির মালিক পক্ষকে চিঠি দিয়ে তিনদিনের মধ্যে উদ্ধার তৎপরতা শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। কার্গোটি পুরোপুরি ডোবেনি, চরে দুর্ঘটনাকবলিত হওয়ায় আংশিক নিমজ্জিত হয়েছে। এটি মূল চ্যানেলের অনেক বাহিরে থাকায় নৌযান চলাচলে কোনো ধরণের প্রতিবন্ধকতা নেই।

আরও পড়ুন: গত শতাব্দির সেরা বলের মালিক শেন ওয়ার্ন

উল্লেখ্য, গত ১৬ নভেম্বর হাড়বাড়ীয়া-৮ ও ৯ নম্বর অ্যাংকোরেজের মাঝামাঝি এলাকায় একটি বিদেশি জাহাজের সাথে ধাক্কা লেগে ছয়শ’ থেকে সাড়ে ছয়শ’ মেট্রিক টন কয়লা নিয়ে ডুবে যায় বাল্কহেড এমভি ফারদিন।


একাত্তর/এসি