দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে যুবক নিহত

মাদারীপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর জয়ী ও পরাজিত দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (৫ মার্চ) রাত আটটার দিকে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম কাওসার দর্জি (২৩)। পেশায় তিনি মুদি দোকানি ছিলেন।

স্থানীয়রা জানান, গত ৩১ জানুয়ারি মাদারীপুরের ঘটমাঝি ইউপি নির্বাচনে দুই নং ওয়ার্ড থেকে ইউপি সদস্য পদে নির্বাচিত হন ইকবাল দর্জি। এর পর থেকে পরাজিত প্রার্থী আব্দুল আলিম দর্জির সঙ্গে তাদের বিরোধ শুরু হয়। এর জেরে আব্দুল আলিম দর্জি তার লোকজন নিয়ে ইকবাল দর্জির সমর্থকদের ওপর হামলা চালায়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়, ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বসত ঘর। 

আরও পড়ুন: পটুয়াখালীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার

মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহত  অন্তত ১০ জনকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা। পরে কাওসার দর্জি নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।


একাত্তর/এসি