অর্থ পাচার মামলায় সাবেক মন্ত্রীর ভাই বাবর গ্রেপ্তার

ফরিদপুরে আলোচিত অর্থ পাচার মামলার চার্জশিটভুক্ত অন্যতম আসামি, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক এলজিআরডি মন্ত্রীর ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবরকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (৭মার্চ) দিবাগত রাত তিনটার দিকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (৮ মার্চ) সকালে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান এ খবর জানিয়েছেন। 

এ বিষয়ে মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে ফরিদপুরের কোতয়ালী থানায় প্রেস ব্রিফিংয়ের বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা।

এর আগে ২০২১ সালের ৩ মার্চ দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় সাবেক এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ভাই মোহতেশাম হোসেন বাবরসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে সিআইডি পুলিশ। ঢাকা মহানগর হাকিম আদালতের সংশ্লিষ্ট শাখায় এ অভিযোগপত্র দাখিল করেন সিআইডির সহকারী পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাস।

এ মামলার অন্য আসামিরা হলেন- সাবেক মন্ত্রীর এপিএস এএইচএম ফুয়াদ, খন্দকার নাজমুল ইসলাম লেভী, আশিকুর রহমান ফারহান, ফাহাদ বিন ওয়াজেদ ওরফে ফাহিম, কামরুল হাসান ডেভিড, মোহাম্মদ আলী দিদার ও তারিকুল ইসলাম নাসিম।


একাত্তর/এসি