নোয়াখালীর বেগমগঞ্জে পুকুর থেকে মাছ চুরি করে যাওয়ার সময় বাধা দেওয়ায় সন্ত্রাসীদের হামলায় তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের আলাদিনগর গ্রামের ইসমাইল মৌলভী বাড়িতে এ ঘটনা ঘটে। হামলায় আহতদের বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় লোকজন বলছেন, ইসমাইল মৌলভী বাড়ির জাকির হোসেনদের পুকুর থেকে একদল লোক মাছ নিয়ে যাচ্ছিলেন। এসময় পথে তাদের বাঁধা দেন জাকির হোসেন। এতে ক্ষিপ্ত হয়ে চোর দলের প্রধান নুর নবীর ছেলে ফারুকের নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালায় জাকিরের ওপর।
এছাড়াও, ঘটনাস্থলে ছেলে ফরহাদ এবং ভাতিজা হাবিব এগিয়ে এলে হামলাকারীরা তাদেরও পিটিয়ে আহত করে। এ ঘটনায় জাকির হোসেন বাদি হয়ে বেগমগঞ্জ মডেল থানায় নুর নবী, নুর নবীর ছেলে ফারুক, পারভেজ ও নুর নবীর স্ত্রী ফারুল বেগমকে আসামি অভিযোগ দায়ের করেন। আহতদের বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহিদুল হক রনি জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।