জেলের জালে আটকা কুমির সুন্দরবনে অবমুক্ত

বাগেরহাটে এক জেলের জালে একটি কুমির ধরা পড়ার পর তা সুন্দরবনের অবমুক্ত করা হয়েছে। শুক্রবার (১১ মার্চ) রাতে সুন্দরবনের করমজলের খালে কুমিরটি অবমুক্ত করা হয়। 

এর আগে একই দিন দুপুরে রামপাল উপজেলার সদর ইউনিয়নের ভাগা বাজার সংলগ্ন বগুড়ার খালে আজিজুর রহমান নামে এক জেলের জালে ধরা পড়ে কুমিরটি।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের (মোংলা) করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান, কুমিরটি ধরা পড়ার পর আজিজুর ভয়ে চিৎকার করে। এসময় আশপাশের লোকজন এসে কুমিরটি জাল থেকে ছাড়িয়ে বস্তায় আটকে রাখে। পরে স্থানীয়রা বিষয়টি ফোন করে স্থানীয় সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহারকে জানান। 

উপমন্ত্রী বিকেল সাড়ে চারটার দিকে বিষয়টি বনবিভাগের করমজলের কর্মকর্তা আজাদ কবিরকে জানান। পরে আজাদ ঘটনাস্থল থেকে কুমিরটি উদ্ধার করে রাতে সুন্দরবনের করমজলের খালে অবমুক্ত করেন।

আরও পড়ুন: ধর্ষণের শিকার কিশোরীর মরদেহের পাশে মিললো চিরকুট

আজাদ কবির বলেন, চার ফুট লম্বা এ কুমিরটির বয়স আনুমানিক সাত থেকে আট বছর, ওজনও প্রায় ৭/৮ কেজি। কুমিরটি বিলুপ্ত প্রায় লবণ পানি প্রজাতির। এদের বিলুপ্তি ঠেকাতে করমজলে প্রজনন কেন্দ্র রয়েছে। এ কেন্দ্রে লালনপালন করা কুমির বেড়ে উঠলে অবমুক্ত করা হয় সুন্দরবনের নদী-খালে। এ প্রজনন কেন্দ্র থেকে বিভিন্ন সময়ে ২০৬টি কুমির সুন্দরবনের নদী ও খালে অবমুক্ত করা হয়েছে। আর কেন্দ্রটিতে বর্তমানে ছোট-বড়ো মিলিয়ে ৯২টি কুমির রয়েছে। 


একাত্তর/এসি