সাতক্ষীরার তালায় পুকুর থেকে রসুল গাজী নামে এক প্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) রাতে তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের গোনালী ঘোষপাড়ার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। শিশু রসুল গাজী (১০) উপজেলার রহিমাবাদ গ্রামের হালিম গাজীর ছেলে।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। এরপর পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করেন।
পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার থেকে রসুলকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। পরে পরিবারের পক্ষ থেকে তাকে খুঁজে পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় মাইকিং করা হয়।
এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় তদন্ত পূর্বক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
একাত্তর/এসএ