পানি না পেয়ে কৃষকের বিষপান: পাম্প অপারেটরের বিরুদ্ধে মামলা

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সেচের পানির জন্য বিষপান করে দুই কৃষক মারা যাওয়ার ঘটনায় সেচ পাম্প অপারেটর ও ওয়ার্ড কৃষক লীগের সভাপতি সাখাওয়াত হোসেনকে অভিযুক্ত করে আত্মহত্যায় প্ররোচনার মামলা করেছেন নিহত কৃষক অভিনাথ মারান্ডির স্ত্রী রোজিনা হেমব্রোম। 

শুক্রবার (২৫ মার্চ) রাতে গোদাগাড়ী থানায় তিনি মামলাটি দায়ের করেন। 

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, আত্মহত্যায় প্ররোচণার মামলা হয়েছে। সাখাওয়াতকে গ্রেপ্তারে অভিযান চলছে। 

এদিকে, বিষপানের পর বুধবার অভিনাথ মারান্ডির মৃত্যুর পর শুক্রবার রাতে মারা যান তাঁর চাচাতো ভাই রবি মারান্ডি। রাত ৮টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

উল্লেখ্য, ধান চাষের জন্য সেচের পানি না পেয়ে এই দুই ভাই গত বুধবার একই দিনে বিষপান করেন।

স্থানীয়রা জানান, অভিনাথ মারান্ডি ও রবি মারান্ডি দুজনেই বোরো ধান চাষ করেছিলেন। কিন্তু ১২ দিন ধরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপে ঘুরলেও তাঁরা সেচের পানি পাচ্ছিলেন না। 

এই ক্ষোভে গত বুধবার সন্ধ্যার আগে গভীর নলকূপের সামনেই দু'জনে বিষ পান করেন। এতে গ্রামেই অভিনাথের মৃত্যু হয়। আর রবিকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। 

এ দুই কৃষকের বাড়ি গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়নের নিমঘুটু গ্রামে। 


একাত্তর/এসজে