জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমের (সিডিএমএস) গোপনীয় তথ্য হ্যাক করে অবৈধভাবে বিক্রির অভিযোগে আব্দুস সালাম সরকার (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৫ রাজশাহী। রোববার বিকেলে র্যাব-৫ রাজশাহীর মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। গ্রেপ্তার সালাম নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর গ্রামের মৃত আয়নাল হকের ছেলে।
র্যাব জানায়, আব্দুস সালাম সরকার ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশ নির্বাচন অফিসে অস্থায়ী ভিত্তিতে চাকরি করেছিলেন। সেই কাজের অভিজ্ঞতার সুযোগ নিয়ে পরবর্তীতে তিনি বিভিন্ন ওয়েব পেজ এবং হোয়াটসঅ্যাপ আইডি ব্যবহার করে টাকার বিনিময়ে এনআইডির গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য পাচার করতে শুরু করেন।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আসামি ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে বিভিন্ন সরকারি সার্ভার হ্যাক করতেন। পরবর্তীতে তারা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (বিকাশ ও নগদ)-এ অর্থ লেনদেনের বিনিময়ে সংবেদনশীল তথ্য যেমন, বিভিন্ন ব্যক্তির সিমের বর্তমান লোকেশন, কল ডিটেইল রেকর্ড (সিডিআর) এবং এসএমএস লিস্ট বিক্রি করে আসছিলেন।
প্রাপ্ত সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রোববার ভোর পাঁচটার দিকে মান্দা উপজেলা পরিষদের মূল ফটকের বিপরীতে অবস্থিত 'সরকার কম্পিউটার ও অনলাইন পয়েন্ট' নামক দোকানে অভিযান চালায় র্যাব। সেখান থেকে সালামকে গ্রেফতার করা হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করে একাধিক সিডিআর এবং বিভিন্ন মোবাইল নম্বরের সর্বশেষ লোকেশনের প্রমাণ ও তথ্য পাওয়া গেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুস সালাম সরকার অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মান্দা থানায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
অভিযানের নামে ৪০ ভরি স্বর্ণ আত্মসাৎ, কনস্টেবলসহ গ্রেপ্তার দুই
অর্থের অভাবে কেউ যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়: খাদ্যমন্ত্রী