রাজবাড়ীতে পৃথক ঘটনায় দুই অপমৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে পুকুরে ডুবে শিহাব (২৩) নামে এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। শিহাব বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের কালু ফকিরের ছেলে। রোববার (২৭ মার্চ ) সকালে পুকুরে ডুবে যায় শিহাব।

নবাবপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আকরাম হোসেন জোয়াদ্দার জানান, বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ঘোড়ামারা  গ্রামের শিহাব প্রতিদিনের মতো সকালে ঘুরতে বের হয়। সকলের অগোচরে একই গ্রামের মনির উদ্দীনের পুকুরে নেমে সে ডুবে যায়। এলাকার লোকজন পুকুরে ভাসতে দেখে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। 

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) তারিকুজ্জামান বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। 

এদিকে জেলার বালিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্টে বিকাশ শর্মা (৩৬) নামে এক কাঠ মিস্ত্রীর মৃত্যু হয়েছে। বিকাশ শর্মা বলিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ী পদমদী গ্রামের মৃত পানু শর্মার ছেলে। রোববার (২৭ মাচর্ ) দুপুরে শীতলদাহ গ্রামের খলিল শেখের বাড়ীতে কাঠের কাজ করতে গিয়ে ডিল মেশিন চালাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

নবাবপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ কাবিল উদ্দিন জানান, বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ী পদমদী গ্রামের বিকাশ শর্মা একই ইউনিয়নের শীতলদাহ গ্রামের খলিল শেখের বাড়ীতে কাঠের কাজ করতে গিয়ে ড্রিল মেশিন চালাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। ওই বাড়ীর লোকজন তাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে দীর্ঘদিন যাবৎ কাঠ মিস্ত্রীর কাজ করে আসছিল। 

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) তারিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি শোনার পর ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে । এ ব্যপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। 


একাত্তর/এসএ