ঈদযাত্রায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে বড় যানজটের আশঙ্কা

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের ৩৫ কিলোমিটার এলাকায় এবারের ঈদ যাত্রায় বড় ধরনের ভোগান্তির শঙ্কা রয়েছে। পুরো অংশ জুড়েই যানজট ছড়িয়ে পড়তে পারে।

কারণ হিসেবে নতুন নতুন সড়ক নির্মাণ এবং সংস্কারের কাজকেই দায়ী করছেন এই সড়কে চলাচল করা যাত্রীবাগী বাসের চালকরা। 

তারা বলছেন, কমপক্ষে সাতটি ঝুঁকিপূর্ণ পয়েন্টে এবার যানজটের শঙ্কা আছে। তবে, সংশ্লিষ্টরা কর্মকর্তারা বলছেন, ২০ রমজানের মধ্যেই মহাসড়ক চলাচলের যোগ্য হবে। 

সিরাজগঞ্জের মহাসড়ক দিয়ে স্বাভাবিক সময়ে দিনে গড়ে কমপক্ষে ১৫ হাজার যানবাহন চলাচল করে। কিন্তু বড় উৎসব এলেই এই সংখ্যা বেড়ে যায় কয়েকগুন।

ফলে সড়কের উপর চাপ পড়ে অনেক বেশি। যা অতীতের সব ঈদযাত্রার সময়েই দেখা গেছে। উত্তরের পথে একই ধরনের বা তারচেয়ে বেশি জটের আশঙ্কা করা হচ্ছে এবার। 

যানবাহনের চালকরা বলছেন, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় থেকে চান্দাইকোনা পর্যন্ত ৩৫ কিলোমিটার এলাকা জুড়ে চলছে মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের কাজ। 

যে কারণে সাতটি পয়েন্টে মহাসড়ক সরু হয়ে গেছে। আর এক লেনে যানবাহন চলায় সমস্যায় পড়তে হচ্ছে। 

তারা বলছেন, দ্রুত কাজ শেষ না হলে এবং নলকা সেতু খুলে না দিলে ঈদে ভয়াবহ যানজটের শঙ্কা রয়েছে।

ভোগান্তির কথা চিন্তা করে ঈদের আগে নলকা সেতু খুলে দেয়ার কথা জানিয়েছে ঠিকাদার। আর ২০ রমজানের মধ্যে মহাসড়কের সংস্কার কাজ শেষ করতে চাইছে সড়ক ও জনপথ বিভাগ।

এদিকে হাইওয়ে পুলিশের বগুড়া জোনের সুপার মুনশী শাহবুদ্দিন জানিয়েছে, যানজট নিরসনে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ যৌথভাবে কাজ করবে।

সিরাজগঞ্জের মহাসড়ক দিয়ে প্রতিদিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের ২২ জেলার পরিবহন চলাচল করে। 

একাত্তর/এআর