আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ বাবা-ছেলে গ্রেপ্তার

বগুড়ার কাহালুতে দেশীয় আগ্নেয়াস্ত্র (একনলা বন্দুক) তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। সেখান থেকে আগ্নেয়াস্ত্র তৈরির বিপুল পরিমাণ যন্ত্রাংশসহ বাবা-ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। 

শুক্রবার (১৫ এপ্রিল) রাতে কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের কলমাশিবা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কলমাশিবা গ্রামের নিলু চন্দ্র প্রামানিক (৪৫) এবং নিলুর ছেলে সঞ্জিত চন্দ্র প্রামানিক (২২)। 

শনিবার দুপুরে বগুড়া পুলিশ সুপার সুদিপ কুমার চক্রবর্তী তার কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি আরো জানান, ১৪ এপ্রিল মধ্যরাতে কলমাশিবা গ্রামের একরাম হোসেন সরদার ওরফে বগা (৩২) নামে এক যুবকের দুই পায়ে গুলি করে দুর্বৃত্তরা। এ ঘটনার তদন্তকালে সন্দেহভাজন হিসেবে নিলু ও তার ছেলে সঞ্জিতকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। 

পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী নিলুর বাড়ি থেকে পলিথিন মোড়ানো অবস্থায় বিপুল পরিমাণ দেশীয় আগ্নেয়াস্ত্র (একনলা বন্দুক) তৈরির যন্ত্রাংশ উদ্ধার করা হয়। 

উদ্ধার করা যন্ত্রাংশের মধ্যে একনলা বন্দুক তৈরির পাঁচটি ব্যারেল, লোহার তৈরি তিনটি রিকয়েলিং স্প্রিং, ছয়টি ফায়ারিং পিন, স্টীলের তৈরির ছয়টি বন্দুকের ট্রিগার, একনলা বন্দুক তৈরির স্টীলের খাপ পাঁচটি,  বন্দুক তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন সাইজের ১৯টি লোহার পাত, লোহার তৈরি জং ধরা একটি ব্যারেলের শেষ অংশ,  তিনটি লোহার রড, ড্রিল মেশিনের মাথায় ব্যবহৃত চারটি লোহার ফলা, লোহার তৈরি হ্যামার ছয়টি এবং চারটি স্টীলের পাত উল্লেখযোগ্য।

আরও পড়ুন: অস্ত্র-গুলিসহ ছয় মানবপাচারকারী গ্রেপ্তার 

পুলিশ সুপার আরও জানান, দেশীয় আগ্নেয়াস্ত্র অর্থাৎ একনলা বন্দুক তৈরির বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধারের ঘটনায় কাহালু থানার একটি মামলা দায়ের করা হয়েছে। অধিকতর তদন্তের স্বার্থে গ্রেপ্তার ব্যক্তিদের রিমান্ডে নিতে আদালতে আবেদন জানানো হবে। 

এছাড়া একরামের দুই পায়ে গুলিবিদ্ধের ঘটনায় কলমাশিবা এলাকার শামিম হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।


একাত্তর/এসজে