কলাপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- টিয়াখালীর রজপাড়া গ্রামের রাজিব সরদারের ছেলে তাসিন (২) ও নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা গ্রামের ইউসুফ হাওলাদারের মেয়ে সাদিয়াতুন (৪)। 

শনিবার (১৬ এপ্রিল) সকালে দুইটি আলাদা স্থানে এ ঘটনা ঘটে। 

নিহত তাসিনের দাদা শাহাবুদ্দিন সরদার জানান, শনিবার সকালে রজপাড়া গ্রামের নিজ বাড়ির উঠানে খেলা করতে ছিলো দুই বছরের তাসিন। এ সময় সবার অলক্ষ্যে সে পুকুরে পড়ে যায়। 

পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে পুকুর পাড়ে গেলে ভাসমান অবস্থায় তাসিনকে দেখতে পায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

একইদিন সকাল ১০টার দিকে পাখিমারা গ্রামে নিজ বাড়ির পুকুর থেকে উদ্ধার হয় চার বছরের শিশু সাদিয়াতুনের মরদেহ। নিহতের দাদা জামাল হাওলাদার জানান, বাড়ির বেড়া বুননের কাজ করছিলেন পরিবারের লোকজন। 

আরও পড়ুন: অস্ত্র-গুলিসহ ছয় মানবপাচারকারী গ্রেপ্তার 

এসময় উঠানে সাদিয়াতুনকে না দেখে অনেক খোঁজাখুঁজির পর পুকুরে ভাসমান তার মরদেহ দেখতে পায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম জানান, শিশু মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।


একাত্তর/এসজে