দৌলতদিয়ায় ঝড়ের কবলে পড়ে পাঁচটি ফেরি দিক হারিয়ে পদ্মার চরে নোঙ্গর করায় প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে ফেরি চলাচল। এর এতেই ঘাট এলাকায় প্রায় পাঁচ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
বুধবার (২০ এপ্রিল) ভোর সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত ঝড়ো বাতাস ও বৃষ্টির কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। এদিকে এক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ও ঝড়ো বাতাসে দৌলতদিয়া ঘাটের তিন ও সাত নম্বর ফেরিঘাট আংশিক ক্ষতিগ্রস্ত হওয়ায় সারাদিন যানজট তৈরি হয় দৌলতদিয়া ফেরিঘাটে।
সরেজমিনে বিকেল তিনটায় দৌলতদিয়া ফেরিঘাটে গিয়ে দেখা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে দৌলতদিয়া পদ্মার মোড় পর্যন্ত পাঁচ কিলোমিটার এলাকায় তৈরি হয়েছে দীর্ঘ যানজট। এতে অপেক্ষারত অন্তত ৮০০ ছোট-বড়ো যানবাহন।
যশোর থেকে ছেড়ে আসা ঈগল পরিবহনের চালক আলমাস হোসেন বলেন, ভোর পাঁচটা থেকেই দৌলতদিয়া ঘাটে এসে বৃষ্টি ও ঝড়ের কারণে যানজটে পরেছি। এখন বিকেল তিনটা পার হয়েছে, কখন ফেরিতে উঠতে পারবো বলা যাচ্ছে না। তবে কাছা কাছি চলে এসেছি তারপরও আরও দুই ঘণ্টার আগে ফেরি নাগাল পাবো বলে মনে হয় না।
বেনাপোল থেকে ছেড়ে আসা পেঁয়াজ ও সবজি বহনকারী ট্রাকের চালক জাহাঙ্গীর আলম বলেন, আমার ট্রাকের সব পণ্য ভিজে গেছে। সময় মত ঢাকায় পৌঁছাতে না পারলে ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে।
তিনি অভিযোগ করে বলেন, পচনশীল পণ্যবাহী ট্রাকগুলো অগ্রাধিকার দেওয়ার কথা বলা হলেও আট ঘণ্টা বসে থাকলাম ঘাটে। রাত ১০ টার আগে ঘাটের নাগাল পাবো বলে মনে হচ্ছে না।
অপর ট্রাকের চালক খায়রুল ইসলাম বলেন, বৃষ্টির কারণে দৌলতদিয়া ঘাটের কাছাকাছি সড়কের দুই পাশে কাদামাটি জমেছে। যে কারণে এই সড়কে তিনটি ট্রাক পণ্যসহ পাশের খাদে পড়ে গেছে। তাছাড়া ঘাটের এ্যাপ্রোস সড়কে কাদামাটি থাকায় লোডিং এবং আনলোডিং এ সময় লাগছে বেশি। মানুষের ভোগান্তি আরও বেড়ে গেছে। এ ব্যাপারে কারো কোনো উদ্যোগ নেই।
আরও পড়ুন: ৩ জুন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক(বাণিজ্য) মো. শিহাব উদ্দিন বলেন, বুধবার সকালে হঠাৎ ঝড়ের কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তাছাড়া দুটি ঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় ঘাটে যানবাহনের লম্বার সাড়ি তৈরি হয়েছে। ক্ষতিগ্রস্ত ঘাট দুটি মেরামত করে চলাচলের উপযোগী করা হয়েছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটের দুটি ফেরি বিকল আছে। বর্তমানে নৌ রুটে ১৭টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে। অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস পচনশীল পণ্যবাহী ট্রাক পারাপার করানো হচ্ছে।
একাত্তর/এসি