ইমামের বেতন নিয়ে সংঘর্ষে হত্যার আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইমামের বেতন উঠানো নিয়ে সংঘর্ষে নিহতের পরিবারের করা হত্যা মামলার প্রধান আসামি মো. আকতার হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ সদস্যরা। 

রোববার (২৪ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব ১২’র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মোস্তাফিজুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (২৩ এপ্রিল) সলঙ্গা থানার চকমনোহরপুর মধ্যপাড়া জামে মসজিদের ইমামের বেতনের টাকা উঠানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে খোরশেদ আলম (৫৫) গুরুতর জখম হন। পরে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান খোরশেদ। 

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সলঙ্গা থানায় আকতার হোসেনকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের ও র‌্যাব ১২’র অফিসে একটি লিখিত অভিযোগ করা হয়।

ওই অভিযোগের প্রেক্ষিতে শনিবার (২৩ এপ্রিল) র‌্যাব ১২’র এক অভিযানে রায়গঞ্জ উপজেলা থেকে আকতার হোসেনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল, দুইটি মোবাইল ফোন এবং কিছু নগদ টাকা জব্দ করা হয়। 

জব্দকৃত আলামত ও আসামীকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 


একাত্তর/জো