অবৈধভাবে সার মজুত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড পাওয়া সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মনিরুল ইসলামের প্রাথমিক সদস্যপদ (রুকুনিয়ত) বাতিল করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তাকে দল থেকে অব্যাহতির নির্দেশ দিয়েছেন।
রোববার (৪ অক্টোবর) সকালে এ তথ্য জানান জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সহকারী সেক্রেটারি মো. শহীদুল ইসলাম।
ঘটনার বিবরণ থেকে জানা গেছে, গত বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাত একটার দিকে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ছোট ধোপাকান্দি এলাকায় জামায়াত নেতা মনিরুল ইসলামের নিজ বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে তার ঘর থেকে অবৈধভাবে মজুত করা ১৮ বস্তা বা ৯০০ কেজি ইউরিয়া সার জব্দ করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কামারখন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন তাকে ২৫ হাজার টাকা জরিমানা করেন এবং মজুত করা সার বাজেয়াপ্ত করেন।
সাংগঠনিক ব্যবস্থার বিষয়ে সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. শহীদুল ইসলাম জানান, দলীয় নিয়ম অনুযায়ী জেলা শূরা কমিটির সুপারিশের পর আমিরে জামায়াত অনুমোদন দিয়ে থাকেন। তবে মনিরুল ইসলামের অপরাধের বিষয়টি জানতে পেরে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান তাৎক্ষণিকভাবে মৌখিকভাবে তার রুকুনিয়াত পদ বাতিল করেছেন। সাংগঠনিক প্রক্রিয়া শেষ হতে দু-এক দিন সময় লাগবে এবং এ সংক্রান্ত লিখিত কাগজপত্র অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে।
কামারখন্দ উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. ইউসুফ আলী বলেন, দলের আদর্শপরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় কেন্দ্রীয় নেতৃত্ব মনিরুল ইসলামের রুকুনিয়াত বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে পদ খোয়ানো জামায়াত নেতা মনিরুল ইসলাম মুঠোফোনে তার রুকুনিয়াত বাতিল হওয়ার খবরটি নিশ্চিত হয়ে জানান, বিষয়টি তিনি জানতে পেরেছেন তবে এখনো কোনো লিখিতপত্র হাতে পাননি।
