৩১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুর জেলার কালীগঞ্জ ও রাজধানীর উত্তরা থেকে ৩১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রপ্তার করেছে র‍্যাব-১। 

মঙ্গলবার (২৬ এপ্রিল) পৃথক দুই অভিযানে  র‍্যাব-১ সদস্যরা মাদক উদ্ধার ও গ্রেপ্তারের পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করেন।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে ভোলা জেলার সাচেয়া গ্রামের রাকিব হাসান (২৭), নেত্রকোনার হাবিব (২২) ও রংপুরের সিরাজুল ইসলাম (৩৭)।

র‍্যাব-১'র সহকারি  পরিচালক (মিডিয়া) নোমান আহমদ জানান, র‍্যাব-১ গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানাধীন আব্দুল্লাহপুরে মেসার্স উত্তরা ফিলিং এন্ড সিএনজি স্টেশনের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে। এই অভিযানে রাকিব হাসানকে ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।  

এসময়  তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ আট হাজার ৮০০ টাকাও জব্দ করা হয়। 

এছাড়াও র‍্যাব-১ অন্য একটি আভিযানে মঙ্গলবার সকালে গাজীপুর জেলার কালীগঞ্জ থানাধীন কাপাসিয়া মোড়ে রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এই অস্থায়ী চেকপোস্টে  মাদক কারবারি হাবিব ও সিরাজুলকে ১১ কেজি গাঁজাসহ  গ্রেপ্তার করে র‍্যাব-১ সদস্যরা। 

এসময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ, দুইটি মোবাইল ফোন এবং নগদ ৯৭০ টাকাও জব্দ করা হয়। 


একাত্তর/জো