কুড়িগ্রাম পৌর এলাকায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

কুড়িগ্রাম পৌর এলাকায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে পৌর এলাকার  নিমবাগান গোরস্থান পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত স্কুলছাত্রের নাম প্রশান্ত কুমার (১২)। সে পৌরসভার নিমবাগান গোরস্থান পাড়ার বাসিন্দা পরশ কুমারের ছেলে। স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত ছিল প্রশান্ত।

এলাকাবাসীদের বরাতে জানা যায়, প্রশান্ত বিদ্যুতের মেইন লাইনের পাশে গাছে ডাল কাটতে উঠেছিল। এসময় অসাবধানতাবশত মেইন তারের সঙ্গে সংস্পর্শে সে বিদ্যুতায়িত হয়ে মাটিতে ছিটকে পড়ে।

খবর পেয়ে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার জানান, নিমবাগান এলাকায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যুর ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 


একাত্তর/জো