বড় ভাইয়ের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় দ্বীন ইসলাম (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেল সোয়া পাঁচটার দিকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকার মা এলপিজি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দ্বীন ইসলাম রাজবাড়ী সদর উপজেলার মুলঘর ইউনিয়নের পারসাদীপুর গ্রামের হাসেম মন্ডলের ছেলে। সে পেশায় ট্রাকের হেলপার ছিল বলে জানা গেছে।
নিহত দ্বীন ইসলামের বড় ভাই হাফেজ ক্বারি মো. নূর ইসলাম জানান, তিনি ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে চাকরি করেন। এক মাস আগে তিনি নতুন একটি মোটরসাইকেল কেনেন।
বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে ছোট ভাই দ্বীন ইসলাম ঘুরতে বের হওয়ার জন্য বড় ভাই নূর ইসলামের কাছে মোটর সাইকেল চাইলে তিনি দিতে রাজি না হলেও দ্বীন ইসলাম জোর করেই তার কাছ থেকে মোটর সাইকেল নিয়ে ঘুরতে বের হয়।
পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি খবর পান যে তার ছোট ভাই মোটর সাইকেল নিয়ে গোয়ালন্দ মোড়ে দুর্ঘটনার শিকার হয়েছেন।
আহ্লাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, ছেলেটি নিমতলার দিক থেকে গোয়ালন্দ মোড়ের দিকে আসছিল। সে দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় হঠাৎ করে সামনের হাইড্রলিক ব্রেকে চাপ দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের মাঝখানে ছিটকে পড়ে কপালে ও মুখে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়।
তাকে উদ্ধার করে পুলিশের গাড়িতে করে ফরিদপুর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
একাত্তর/জো