মোংলায় দুই নম্বর সঙ্কেত বলবৎ, বন্দরে কার্যক্রম স্বাভাবিক

ঘূর্ণিঝড় অশনি’র প্রভাবে মোংলা সমুদ্র বন্দরে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সঙ্কেত বলবৎ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে বন্দরের কার্যক্রম।

মঙ্গলবার (১০ মে) অশনি’র প্রভাবে সকাল সাড়ে ৯টা থেকে মোংলাসহ সংলগ্ন উপকূলীয় এলাকার ওপর দিয়ে থেমে থেমে বৃষ্টিপাত ও বাতাস শুরু হয়েছে। আকাশ কখনও রোদ, আবার কখনও মেঘাচ্ছন্ন দেখা গেছে। 

বন্দর কর্তৃপক্ষের সচিব ও হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, অবস্থা বুঝে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে পরিস্থিতি খারাপ হলে করণীয় সকল প্রস্তুতিও নিয়ে রেখেছেন উপজেলা প্রশাসন, পৌর কর্তৃপক্ষ ও বনবিভাগ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, সম্ভাব্য পরিস্থিতিতে ১০৩টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত ও পর্যাপ্ত শুকনো খাবার মজুদ রাখা হয়েছে। 

আরও পড়ুন: প্রবল ‘অশনি’ দুর্বল হচ্ছে, ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন, এ বিভাগের ৪৩টি রেঞ্জ, স্টেশন ও ক্যাম্পগুলোকে সতর্ক থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। পরিস্থিতি খারাপ হলে দুর্বল স্থাপনা ছেড়ে বনবিভাগেরই পাশের বহুতল পাকা ভবনে উঠার নির্দেশনা দেওয়া হয়েছে।


একাত্তর/এসি