গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দুই নারী দগ্ধ

সাভারে রান্না করার সময় সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দুই নারী দগ্ধ হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

বুধবার (১১ মে) দুপুর ১২টার দিকে সাভার থানা সংলগ্ন মুক্তিযোদ্ধা কলোনির দারোগ আলীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উন্নত চিকিৎসার ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধদের একজন সেলিনা বেগম (৬৫)। তিনি ঝালকাঠির কাঁঠালিয়া থানার সজারিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী। তিনি এক মাস আগে মেয়ের বাসায় বেড়াতে এসেছিলেন। 

অন্যজন মিতু আক্তার টাঙ্গাইলের নাগরপুর থানার বাসিন্দা। তিনি তার স্বামী নোমানের সঙ্গে ওই বাড়িতে ভাড়া থাকতেন।

স্থানীয়রা জানান, দুপুরে রান্নার সময় হঠাৎ বিকট শব্দ শোনা যায়। পরে জানা যায় দারোগ আলীর বাড়িতে গ্যাসের সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে বাড়ির ভাড়াটিয়া সেলিনা ও মিতু দগ্ধ হয়েছেন। 

আরও পড়ুন: সাতশ' বোতল ফেনসিডিল নিয়ে এ্যাম্বুলেন্স খাদে, চালক পলাতক

তাদেরকে উদ্ধার করে প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও পরে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে স্থানান্তর করা হয়। 

সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়েমুল হুদা জানান, জরুরী বিভাগে প্রাথমিকভাবে চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আহতদের শরীরের ১০ শতাংশ দগ্ধ হয়েছে বলেও জানান এই চিকিৎসক।


একাত্তর/এসজে