ফেনীর মাহিপাল থেকে ১০০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে র্যাব-৭।
বৃহস্পতিবার (১২ মে) রাত দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি ট্রাক থেকে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার ও ট্রাকে থাকা দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার ডলুয়াবাড়ী এলাকার মিন্টু প্রকাশ ভুট্টু (৩৫) এবং পটুয়াখালী জেলার মহিপুর থানার তারিকাটা এলাকার মাসুদ হাওলাদার (৩১)।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক আবদুল্লাহ আল জাবের ইমরান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় চেকপোষ্ট বসান তারা। এসময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ট্রাকসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে ট্রাকের মধ্যে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় পাঁচটি পাটের বস্তায় মোট ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয় বলে জানান তিনি।
তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৫ লক্ষ টাকা।
আটক ব্যক্তিরা গাঁজাগুলো কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন বলেও জানান এই র্যাব কর্মকর্তা।
আটককৃতদের উদ্ধারকৃত মালামালসহ মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ফেনী মডেল থানায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।
একাত্তর/জো