গাজীপুরে একটি ইস্পাত কারখানার মালামাল লোডিংয়ের সময় ক্রেনের তার ছিঁড়ে এক কর্মীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ মে) বিকেলে শ্রীপুর পৌরসভার বৈরাগিরচালা এলাকার এসকেবি স্টেইনলেস স্টিল মিলস লিমিটেড কারখানায় এই দুঘটনা ঘটে।
নিহত গোলাম কিবরিয়া (২৪) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার লক্ষ্মীপুর গ্ৰামের আব্দুর রহিমের ছেলে। তিনি ওই কারখানায় তিন বছর ধরে লোডিং বিভাগের স্টোরকিপার পদে চাকরি করছিলেন।
পুলিশ ও কারখানার শ্রমিকরা জানান, শিপমেন্টের জন্য মালামাল কারখানা থেকে গাড়িতে তোলা হচ্ছিলো। এসময় মালামালগুলো উঠানোর কাজ তদারকি করছিলেন কিবরিয়া।
এক পর্যায়ে মালামালসহ ক্রেনের তার ছিঁড়ে নিচে দাঁড়িয়ে থাকা কিবরিয়ার উপর পড়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
আরও পড়ুন: বেলকুচিতে সম্মেলনকে ঘিরে আওয়ামী লীগ তিন ভাগ
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ক্রেনের নিচে চাপা পড়ে কিবরিয়ার শরীরের উপরের অংশ থেঁতলে যায়।
এ বিষয়ে কারখানা নিরাপত্তার দায়িত্বে থাকা লোকজন কোনো বক্তব্য দিতে রাজি হননি। কারখানার ভেতরে যেতে দেয়া হয়নি স্থানীয় সাংবাদিকদের।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
একাত্তর/এসজে