যশোরে ১২৪ পিস স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিজিবি। শুক্রবার (২০ মে) সকালে সাড়ে আটটার দিকে জেলার চৌগাছা উপজেলার কাবিলপুর শ্মশান ঘাট এলাকা থেকে স্বর্ণ ও এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম শাহ আলম। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
শুক্রবার (২০ মে) দুপুরে ৪৯ বিজিবি হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে এ খবর জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, গোয়েন্দা তথ্যে বেশ কিছুদিন ধরে স্বর্ণ চোরাকারবারীদের একটি গ্রুপের ওপর নজরদারি করা হচ্ছিলো। এরই অংশ হিসাবে আজ ভোরে চৌগাছা সীমান্তের শাহজাদপুর বিওপির সদস্যরা শাহ আলমকে নজরদারি শুরু করে। এরপর তাকে আজ সকালে শাহজাদপুর বিওপির এক কিলোমিটার অদূরে কাবিলপুর শ্মশান ঘাট এলাকা থেকে আটক করা হয়।
এ সময় তার কোমরে প্যাঁচানো অবস্থায় ১২৪ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া তার ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
জব্দ স্বর্ণের বারের বাজার মূল্য ১০ কোটি সাড়ে ১১ লাখ টাকা বলে জানায় বিজিবি।
বিজিবির অধিনায়ক আরও জানান, শাহ আলম কৃষক সেজে ওই স্বর্ণের বার শ্মশানে রাখতে গিয়েছিল। সেখান থেকে অন্য একটি গ্রুপের সদস্যদের ওই বার নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই শাহ আলমকে আটক করে বিজিবি।
আরও পড়ুন: শিক্ষক নিয়োগ পরীক্ষা’র প্রশ্নপত্র ফাস চক্রের ১৩ সদস্য আটক
আলম এর আগে আরও ছয়টি চালান সফলভাবে পাচার করেছে। সপ্তম চালান পাচারকালে তাকে আটক করা হয়। জব্দ করা মোটরসাইকেলসহ শাহ আলমকে চৌগাছা থানা সোপর্দ করা হবে। এছাড়া জব্দ স্বর্ণের বারগুলো আদালতের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন বিজিবি অধিনায়ক।
একাত্তর/এসি