যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্তে তিন হাজার ৪০০ দশমিক ৩৮ গ্রাম স্বর্ণসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। এ সময় চোরাচালানে ব্যবহৃত দুটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও একটি স্মার্ট ঘড়িও জব্দ করা হয়। জব্দ করার স্বর্ণের আনুমানিক মূল্য সাত কোটি ৬৭ টাকা বলে জানিয়েছে বিজিবি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রুদ্রপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে স্বর্ণসহ একজনকেআটক করা হয়।
আটক ব্যক্তির নাম রিপন (৪১)। তিনি যশোরের শার্শা উপজেলার বসতপুর গ্রামের বাসিন্দা।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদক ও স্বর্ণ চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছিলো। এরই ধারাবাহিকতায় রুদ্রপুর সীমান্ত এলাকা দিয়ে স্বর্ণ পাচারের খবর পেয়ে বিজিবির একটি টহল দল অভিযান চালিয়ে রিপনকে আটক করে। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। জব্দ করা মালামালের সিজার মূল্য ধরা হয়েছে সাত কোটি ৭২ লাখ সাত হাজার ৬৯০ টাকা।
খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত দিয়ে সব ধরনের চোরাচালান ও অবৈধ পাচার বন্ধে বিজিবির এই কঠোর নজরদারি ও জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।
