ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসী স্বামীকে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। নিহত ওই স্বামীর নাম তাজুল ইসলাম (৫০)।
শুক্রবার রাতে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ঘাটিয়ারা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত তাজুল ইসলাম ওই এলাকার এমরান মোল্লার ছেলে।
এ ঘটনায় পুলিশ প্রবাসী তাজুলের স্ত্রী সামসিয়া আক্তার তোহাকে (৪৫) গ্রেপ্তার করেছে।
শনিবার (২১ মে) নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমরানুল ইসলাম জানান, তাজুল ইসলাম দীর্ঘ ২৪ বছর ধরে সৌদি আরবে ছিলেন। দুই মাস আগে তিনি দেশে ফিরে আসেন। দেশে ফেরার পর বিভিন্ন পারবারিক বিষয় নিয়ে তাজুল ইসলামের সাথে স্ত্রী সামসিয়া আক্তার তোহার মনোমালিন্য চলছিল।
শুক্রবার মধ্যরাতে ঘরের জানালা বন্ধ করা নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে তাজুল তোহাকে থাপ্পড় দেয়। এ সময় তোহা তাজুলকে ধাক্কা দিয়ে টেবিলের ওপর ফেলে দিলে সে মাথায় আঘাত পায়।
পরে তাজুলকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, ঘটনার পর অভিযুক্ত তোহাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতরে বাবা এমরান মোল্লা বাদী হয়ে সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন।
একাত্তর/এসএ