চারদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গেপ্তার তিন

বরিশালে উজিরপুরের হারতায় নিখোঁজের চার দিন পর এক শিশুর বস্তাবন্ধি মরদেহ উদ্ধার করেছে পুলিশ এবং এ ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (৩১ মে) ভোরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। 

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ জানান, নিহত শিশুর নাম দিপ্ত মন্ডল। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিলো দিপ্ত। দিপ্তর বাবা দিপক মন্ডল হারতা বাজারে মিষ্টির দোকানের কর্মচারী। 

দিপ্ত হত্যায় জড়িত গ্রেপ্তার তিনজন হলেন, নয়ন শীল, রতন বিশ্বাস ও তার স্ত্রী ইভা মল্লিক। তারাও হারতার স্থানীয়। 

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (২৭ মে) দিপ্ত তার মায়ের সাথে কীর্তন শুনতে গিয়ে নিখোঁজ হয়। গতকাল রাতে স্থানীয়রা নয়ন শীলকে রক্ত মুছতে দেখে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করে দিপ্ত হত্যার বিষয়ে জানতে পেরে পুলিশে খবর দেয়। 

স্থানীয়রা জানায়, রক্ত মুছতে দেখে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে নয়ন শীল বলে রতন বিশ্বাস দিপ্তকে হত্যা করে দোকানে রেখেছিল তার মরদেহ। দুর্গন্ধ বের হওয়াতে তারা তিনদিন পর কড়চা খালে ফেলে দেয় বস্তাবন্দি মরদেহ। স্থানীয়রা খালের কচুরিপানার মধ্য থেকে বস্তাবন্ধি অবস্থায় দিপ্তর মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়। 

এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এলাবাবাসী বিক্ষোভ করেছে বলেও জানা গেছে। 

ওসি আলী আরশাদ আরও জানান, গ্রেপ্তারকৃতদের হত্যাকাণ্ডের কারণ জানতে জিজ্ঞাসাবাদ চলছে। 


একাত্তর/জো