ড্রেন নিয়ে দ্বন্দ্বে তিনজনকে কুপিয়ে জখমের অভিযোগ

নওগাঁর রাণীনগরে পানি নিষ্কাশনের ড্রেনকে কেন্দ্র করে হামলা চালিয়ে দেশীয় অস্ত্র দিয়ে তিনজনকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (৩১ মে) রাতে উপজেলার বড়গাছা ইউনিয়নের শফিকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত সুকবর আলী সরদার ও তার ছেলে আশরাফুলকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আরেক আহত রেজাউল স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছেন। 

আহত রেজাউল সরদারের স্ত্রী রিভা খাতুন জানান, তাদের বাড়ির টিউবওয়েলের পানি নিষ্কাশনের জন্য বাড়ির জায়গার উপর একটি ড্রেন রয়েছে। সেই ড্রেন নিয়েই পার্শ্ববর্তী সখিনের স্ত্রী রোকেয়া ও তার চাচা এবং চাচাতো ভাইদের সাথে বিরোধ চলে আসছে। 

মঙ্গলবার সন্ধ্যার দিকে ওই ড্রেনকে কেন্দ্র করে রোকেয়ার সাথে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে রোকেয়া তার চাচা বগা ও চাচাতো ভাই ইমরান, মোস্তাক ও সিহাবসহ ৫-৭ জনকে নিয়ে রাত ৮টার দিকে রেজাউল সরদারের বাড়িতে হামলা চালান। 

এসময় সুকবর আলী সরদারকে দেশীয় অস্ত্র হাঁসুয়া, হাতুরী, ফালা ও সুলপি দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকেন তারা। এক পর্যায়ে আশরাফুল সরদার ও রেজাউল তাদের বাবাকে বাঁচাতে এগিয়ে গেলে আশরাফুলকেও কুপিয়ে জখম ও রেজাউলকে মারধর করে হামলাকারীরা। 

আরও পড়ুন: ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে নবজাতকের মৃত্যু

তিনি অভিযোগ করে বলেন, হামলাকারীরা বাড়ির বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে বাড়িতে থাকা স্বর্ণালংকার ও মোটা অঙ্কের নগদ টাকা লুট করে নিয়ে গেছে। 

এ বিষয়ে অভিযুক্ত রোকেয়া, বগা, ইমরান, মোস্তাক ও সিহাবদের বাড়িতে গেলে তারা না থাকায় তাদের মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।  

এ ব্যাপারে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন আকন্দ বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


একাত্তর/এসজে