গাইবান্ধার পলাশবাড়ীতে চালকল মালিককে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি করা এক ব্যক্তিকে গ্রেপ্তারের দাবিতে মানবন্ধন করেছেন স্থানীয়রা। এ সময় পুলিশের সামনে ওই ব্যক্তি ধরা পড়লেও শেষ পর্যন্ত গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন তারা।
গত সোমবার পলাশবাড়ী উপজেলার ঠুটিয়াপুকুর বাজারে ‘ঠুটিয়াপুকুর বাজার মালিক সমিতি ও এলাকাবাসী’ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অভিযুক্ত ব্যক্তির নাম আশরাফুল ইসলাম। তিনি নিজেকে গণকণ্ঠ পত্রিকার সাংবাদিক দাবি করলেও পত্রিকাটি তাকে কোনো নিয়োগ দেয়নি বলে জানিয়েছে।
অভিযোগকারীর নাম আব্দুল হামিদ। তিনি স্থানীয় একটি চালকল মালিক।
মানববন্ধনে উপস্থিত স্থানীয় বেশ কয়েকজন দাবি করেন, তাদের বিরুদ্ধে আগেই অভিযোগ দায়ের করা হয়েছিলো। কিন্তু এখনো তারা অবাধে ঘুরে বেড়াচ্ছে। বিষয়টি নিয়ে আমরা ভয়ে আছি। কেননা যে কোন সময় তারা আমাদেরও ক্ষতি করতে পারে।
এদিকে অভিযোগকারী রাইস মিল মালিক আব্দুল হামিদ বলেন, এই দুইজন আমার ক্ষতি করার ভয়ভীতি দেখিয়ে ৪০ হাজার টাকা নিয়ে গেছে। আরো দুই লাখ ৬০ হাজার টাকা না দিলে আমার ও পরিবারের ক্ষতি করবে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
এদিকে এ ঘটনায় সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) উদয় কুমার সাহা সাংবাদিকদের বলেন, অভিযোগ পেয়েছি। এটির তদন্তের দায়িত্ব আছি আমি। তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে।
গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে আমি জানি। এ জন্য আমাদের একজন কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত শেষে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে আশরাফুল ইসলামের বিরুদ্ধে এক মুক্তিযোদ্ধাকে হুমকি দিয়ে বক্তব্য আদায়ের অভিযোগ রয়েছে। এর প্রতিবাদে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় মুক্তিযোদ্ধারা ও মুক্তিযোদ্ধা মঞ্চ পৃথক মানববন্ধনের আয়োজন করেছিল।
একাত্তর/এসি