মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদরের মহাকালী ইউনিয়নে মাদ্রাসাছাত্রী মরিয়মকে ধর্ষণ করে হত্যার অভিযোগ উঠেছে মদিনাতুল মনোয়ারা দারুল উলুম মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক ইউনুসের বিরুদ্ধে। 

বৃহস্পতিবার (৯ জুন) এই ঘটনায় শুক্রবার (১০ জুন) থানায় মামলা করার পর অভিযুক্ত ইউনুসকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

নিহত মরিয়মের পরিবার জানান, বৃহস্পতিবার বেলা এগারোটার পর মরিয়মকে রোদে শুকাতে দেওয়া জামাকাপড় আনতে নিজের বাসায় পাঠান মাদ্রাসার প্রধান শিক্ষক সোনিয়া বেগম।

এসময় বাসায় থাকা সোনিয়ার স্বামী ইউনুস মরিয়মকে ধর্ষণের পর গলাটিপে হত্যা করেন ও ফাঁসির নাটক সাজিয়ে মরিয়মকে হাসপাতালে নিয়ে যান বলে অভিযোগ মরিয়মের পরিবারের। 

আরও পড়ুন: বোনকে উত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে নির্যাতন

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুজ্জামান জানান, মরিয়মের গলায় আঘাতের দাগ পাওয়া গেছে। ঘটনার পরদিন মরিয়মের মা বাদি হয়ে তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। পরে অভিযান চালিয়ে ইউনুসকে গ্রেপ্তার করলেও মামলার আরেক আসামি সোনিয়া বেগম পলাতক রয়েছেন। বন্ধ রয়েছে মাদ্রাসাটিও। 

এদিকে, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার সকালে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন মরিয়মের স্বজন ও এলাকাবাসী।


একাত্তর/এসজে