শাহবাগে ট্রাকের ধাক্কায় আহত বাবা মারা গেছেন, ছেলে-মেয়ে চিকিৎসাধীন

শাহবাগের সড়কে ট্রাকের ধাক্কায় স্কুল পড়ুয়া দুই সন্তানসহ আহত বাবা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। চিকিৎসাধীন মেয়ের অবস্থাও আশঙ্কাজনক।

বুধবার (১৫ জুন) সকালে দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেলযোগে স্কুলে যাওয়ার পথে রাজধানীর শাহবাগের হাইকোর্ট মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার (১৬ জুন) সকালে চিকিৎসাধীন অবস্থায় বিমান বাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মাকসুদুল কায়ছার রয়েলের (৪৫) মৃত্যু হয়।

আহতরা হলেন, নিহত মাকসুদুল কায়ছারের মেয়ে রোজমি জাহান রাফা (১৩) ও ছেলে তানভির আহামেদ (৯)। তারা যাত্রাবাড়ীর বিবির বাগিচার বাসিন্দা।

আহত রাফা বি এফ শাহিন স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী ও তানভির ৩য় শ্রেণির ছাত্র।

আহত মাকসুদুলের শ্যালক মো. লিটন জানান, যাত্রাবাড়ীর বাসা থেকে সকালে তার ভগ্নীপতি ভাগ্নেদের নিয়ে মোটরসাইকেলে ক্যান্টনমেন্ট বি এফ শাহীন স্কুল কলেজের উদ্দেশ্যে বের হন। পরে পথে তারা দুর্ঘটনার শিকার হন।

আরও পড়ুন: ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার-ময়মনসিংহের রেল যোগাযোগ বন্ধ

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া নিহতের ঘটনা নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।


একাত্তর/আরএ