চুয়াডাঙ্গায় প্রতিবেশীর হাতে দিনমজুর খুন

চুয়াডাঙ্গার জীবননগর থানার গঙ্গাদাসপুর গ্রামে প্রতিবেশী কৃষক জমিরের কোদালের আঘাতে দিনমজুর বাবলুর রহমানের (৪০) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) সকাল সাড়ে ১১টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

খুনের শিকার বাবলুর রহমান (৪০) জীবননগর থানার গঙ্গাদাসপুর মাঝের পাড়ার মৃত রমজান মণ্ডলের ছেলে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, আজ ১৬ জুন বেলা অনুমান সাড়ে ১১টার দিকে জীবননগর থানার গঙ্গাদাসপুর গ্রামের ফজরের চায়ের দোকানে বসেছিল কৃষক জমির। এসময় তার প্রতিবেশী বাবলু রহমান দোকানের সামনে আসলে পূর্বশত্রুতার জের ধরে বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে কৃষক জমির তার হাতে থাকা ধারালো কোদাল দিয়ে প্রতিবেশী দিনমজুর বাবলুর মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে পাঠালে পথিমধ্যে বাবলুর মৃত্যু হয়।

আরও পড়ুন: কু‌সিকে আওয়ামী লীগের ১৯, বিএন‌পির ছয় ও জামায়াতের দুই কাউন্সিলর বিজয়ী

পুলিশ বাবলুর লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মার্গে পাঠিয়েছে। হত্যা মামলা রুজু করা হয়েছে, যোগ করেন ওসি।


একাত্তর/আরএ