লক্ষ্মীপুরে একটি দোকানে লাগা আগুন নেভাতে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে এক সিএনজিচালতি অটোরিকশার চালক মারা গেছেন। শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে সদর উপজেলার দালাল বাজারের মাছহাটার পাশে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই চালকের নাম মো. আলম। তিনি দালাল বাজার ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামের মো. ইউসুফের ছেলে।
স্থানীয়রা জানায়, শুক্রবার রাত দেড়টার দিকে দালাল বাজারে রাজু স্টোর নামে একটি দোকানে আগুন লাগে। এ সময় আলম ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় তিনি আগুন জ্বলতে দেখে সহযোগিতার জন্য এগিয়ে এসে দোকানের শাটার খোলার চেষ্টা করলে মুহূর্তেই বিদ্যুতায়িত হন। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আলমকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: নীলফামারীতে বন্যা পরিস্থিতির উন্নতি
দালাল বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহজাহান বলেন, আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমের মৃত্যু হয়েছে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসে জানানো হয়। তারা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার সাহা বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কট থেকে আগুনের সূত্রপাত হয়। আমরা যাওয়ার আগেই আগুন নেভাতে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে একজন মারা গেছেন।
একাত্তর/এসি