কলমাকান্দায় বন্যার পানিতে মিললো অজ্ঞাত নারীসহ দুইজনের মরদেহ

নেত্রকোণার কলমাকান্দায় পাহাড়ি ঢলে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে নেত্রকোণার কেন্দুয়ায় হাওরের বন্যার পানি দেখতে গিয়ে নৌকা থেকে পানিতে পড়ে সাত বছরের শিশু তানজিনার মৃত্যু হয়েছে। 

স্থানীয় লোকজন এবং পুলিশ বলছে, মঙ্গলবার (২১ জুন) বিকেলে কলমাকান্দা উপজেলার খারনই ইউনিয়ন ঘাগগড়া এলাকায় সকাল সাড়ে ১১ টায় রজব আলীর জমিতে বন্যার পানিতে ভাসমান মরদেহ দেখতে পায়। পরে  ওই নারীর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। 

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) খোকন সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ওখান থেকে ভাসমান অর্ধগলিত একটি লাশ উদ্ধার করে সুরতাল তৈরি করে থানা নিয়ে আসা হয়। তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে পাহাড়ি ঢলে ভেসে এসেছে পাহাড়ি ওই নারীর লাশটি। ওই দিন বিকালেই  ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, নেত্রকোণার কেন্দুয়ায় হাওরের বন্যার পানি দেখতে গিয়ে ডিঙি নৌকায় থেকে বন্যার পানিতে পড়ে ৭ বছর বয়সী শিশু তানজিনার মৃত্যু হয়েছে। 

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাংবাদিকদের জানান, জুড়াইল গ্রামের দক্ষিণপাড়ার জুলেখা বেগম মঙ্গলবার সকালে বন্যার পানি দেখার জন্য শিশুকন্যাকে নিয়ে ডিঙি নৌকায় চড়ে জুড়াইল হাওরে যান। সে সময় প্রবল বাতাসে নৌকাটি দোল খেতে থাকলে তার ৭ বছরের মেয়ে তানজিনা পানিতে পড়ে যায়। মেয়েকে বাঁচানোর চেষ্টায় তিনিও লাফ দেন কিন্তু মেয়েকে বাঁচাতে পারেননি। 

একাত্তর/ এনএ