গরু গোসল করা‌তে গি‌য়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হামিদুল ইসলাম (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুন) দুপুরে শহরের মোবারকপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হামিদুল স্থানীয় নূর মোহাম্মদের ছেলে ও দুই সন্তানের জনক।

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্র বলছে, মঙ্গলবার দুপুরে হামিদুল ইসলাম নিজ বাড়িতে গরু গোসল করানোর জন্য বৈদ্যুতিক মোটরের সুইচ দিতে যান। ওইসময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

একাত্তর/ এনএ