ট্রেন থেকে মাথা বের করে পিলারে ধাক্কা খেয়ে মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুরে মনমথপুর রেলস্টেশনের সিগন্যাল পিলারের ধাক্কায় অজ্ঞাত এক কিশোরের (১৪) মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ জুন) সকালে মনমথপুর রেল স্টেশনের পশ্চিমে ৩৮৬/৬ নম্বর সীমানা পিলারের কাছে এ ঘটনা ঘটে। 

এসময় উত্তেজিত জনতা পার্বতীপুর-দিনাজপুর রেলপথ অবরোধ করে রাখে। এতে ওই রুটে ঘণ্টাব্যাপী ট্রেন চলাচল বন্ধ থাকে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের যাত্রী ওই যুবক ট্রেনের দরজা দিয়ে মাথা বের করে। এসময় পিলারের সাথে ধাক্কা লেগে ট্রেন থেকে পরে গেলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। 

তারা জানান, রেললাইনটি ডাবল লাইনে বর্ধিত করা হলেও ওই পিলারটি সরানো হয়নি। দীর্ঘদিন যাবত ওই স্টেশনের কার্যক্রম বন্ধ থাকলেও লাইনের পাশের একই পিলারের সাথে ধাক্কায় গত ছয় মাসে তিনজনের মৃত্যু হয়েছে। 

ঘটনার পর সকাল ১১টা থেকে সিগন্যাল পিলার অপসারণ, স্টেশনের কার্যক্রম চালু ও রেলের গেটম্যানের নিয়োগের তিন দফা দাবীতে পার্বতীপুর-দিনাজপুর রেলপথ অবরোধ করে রাখে স্থানীয়রা। এসময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস অবরোধ করে রাখে উত্তেজিত এলাকাবাসী। 

পরে ওই ট্রেনের পরিচালক মাহমুদুল হাসান ও চালক নাজমুল হক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে স্থানীয়দের মুঠোফোনে কথা বলে দাবী আদায়ের আশ্বাস দেন। ৪০ মিনিট পর বেলা ১২টা ১০ এ ট্রেনটি পার্বতীপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। 

এ ঘটনায় দিনাজপুর রেল থানার উপ-পরিদর্শক জাহিদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যান। 

পার্বতীপুর স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের অবরোধের ফলে ওই রেলপথে ট্রেন চলাচল কিছু সময়ের জন্য বন্ধ থাকে। এসময় বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি ৪০ মিনিট আটকে থাকে। 


একাত্তর/এসজে