চালুর ১১ দিনের মাথায় বন্ধ হয়ে গেলো চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ফল এবং সবজি বহনকারী ‘বিশেষ আম ট্রেন’। কর্তৃপক্ষের দাবি, আমের স্বল্পতা এবং লোকসানের কারণে বন্ধ হয়ে গেলো ট্রেনটি।
শুক্রবার (২৪ জুন) রাতে এ তথ্য জানিয়েছেন জেলার রহনপুর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আল মামুন।
তিনি বলেন, শুক্রবার থেকে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে আর আম পরিবহন করা হবে না। সর্বশেষ ২৩ জুন এই ট্রেনের তিন হাজার ১৮৫ কেজি আম পরিবহন করা হয়েছিল।
চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনের তথ্য বলছে, চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন থেকে চলতি বছর ৪৫ হাজার ৬২৪ কেজি আম পরিবহন করেছে বিশেষ ট্রেনটি। এখান থেকে আয় হয়েছে ৬১ হাজার ৪৬৯ টাকা।
এই রেল স্টেনের সহকারী স্টেশন মাস্টার ওবাইদুল্লাহ বলেন, ২৪ জুন থেকে এ ট্রেনটি আর চলবে না বলে আমাদের জানানো হয়েছে। আমের সরবরাহ কম থাকায় গত বছরও প্রায় তিনগুণ লোকসান গুনতে হয়েছিলো ট্রেনটিকে। ফলে এক সপ্তাহ পরে বন্ধ করে দেওয়া হয়েছিল ট্রেনটি। আর এ বছর আমের সিজনের মধ্যভাগে ট্রেনটি চালু হওয়ায় এবারও চালুর মাত্র ১১ দিনের মাথায় বন্ধ করে দেওয়া হলো।
চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অ্যান্ড কর্মাসের পরিচালক মো. শহিদুল ইসলাম জানান, এই বিশেষ ট্রেনে আম ছাড়াও লিচু, মৌসুমি ফল, ডিমসহ সব ধরনের কৃষিপণ্যও কম খরচে ঢাকায় নেওয়া যায়। কুরিয়ার সার্ভিসে এক টন আম ঢাকায় নিতে খরচ হয় ২০ হাজার টাকা। আর এই বিশেষ ট্রেনে খরচ মাত্র এক হাজার ১১৭ টাকা। এরপরও ট্রেনটি জনপ্রিয় হতে না পারাটা দুঃখজনক।
আরও পড়ুন: দিনশেষে তিনিও একজন মা
রাজশাহী রেলওয়ের কর্মকতা (পশ্চিম) শহিদুল ইসলাম বলেন, আম স্বল্পতার জন্য ট্রেনটি বন্ধ হয়ে গেছে। এ ট্রেনে লোকসানের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, যেহেতু এটি একটি সেবামূলক সার্ভিস তাই লোকসানটা মূখ্য বিষয় নয়।
তবে এ বছর লোকসানের পরিমাণ জানাতে পারেননি তিনি।
একাত্তর/ এনএ