পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমন্তাজ ইউনিয়নের সোনারচর অভয়ারণ্যের সংরক্ষিত বন সংলগ্ন খালে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে আটজন আহত হয়।
সোমবার (২৭ জুন) বিকেল পাঁচটায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষ এ সংঘর্ষে জড়িয়েছে। সংঘর্ষে আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
জানা গেছে, সোনারচর অভয়ারণ্যের সংরক্ষিত বনের এই খালে মাছ শিকারে নিষেধাজ্ঞা থাকলেও স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় ওই দুইটি পক্ষ সেখানে মাছ ধরার জন্য যায়। তাদের মধ্যে কোন পক্ষ ওই খালে মাছ ধরবে- এনিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব চলছিল।
বন বিভাগের চরমন্তাজ রেঞ্চ কর্মকর্তা নয়ন মিস্ত্রী জানান, বন্যপ্রাণী রক্ষায় সোনারচরকে অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে। সেখানে মাছ শিকারের কোন সুযোগ নেই। দুই পক্ষই বেআইনিভাবে বনের খালে প্রবেশ করেছে।
এ ব্যাপারে উপজেলার চরমন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহম্মাদ মিজান জানান, সোনারচর বনের খালে মাছ ধরতে গিয়ে সংঘর্ষ হয়। এতে এক পক্ষের পাঁচজন, আরেক পক্ষের তিনজন আহত হয়।
এ ঘটনায় এক পক্ষ লিখিত অভিযোগ দায়ের করেছে এবং তদন্ত সাপেক্ষে এর প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
উল্লেখ্য, জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে চলতি বছরের ২০ মার্চ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় জীববৈচিত্র তথা মৎস্য ও বনজ সম্পদ রক্ষায় উপজেলার সোনারচর অভয়ারণ্যসহ বন বিভাগের আওতাধীন খালে মাছ শিকারের জন্য অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
একাত্তর/জো