আদমদীঘিতে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু

বগুড়ার আদমদীঘির সান্তাহারে পুকুরে গোসল করতে নেমে নজরুল ইসলাম (৭০) নামের এক বৃদ্ধ ডুবে মারা গেছেন। 

মঙ্গলবার (২৮ জুন) উপজেলার সান্তাহার পৌর শহরের কলাসা কোচকুড়ি পাড়ায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত নজরুল ইসলাম কলাসা কোচকুড়ি পাড়ার মৃত গৌরি মন্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃদ্ধ নজরুল ইসলাম প্রতিদিনের মতো বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামেন। এ সময় প্রতিবেশিরা পুকুরের পাড়ে বৃদ্ধের লাঠি ও লুঙ্গি দেখে তার বাড়িতে খবর দেন। খবর পেয়ে বৃদ্ধের ছেলে শাওন হোসেন দৌড়ে এসে পুকুরে ঝাঁপিয়ে পড়ে বাবাকে খুঁজতে থাকেন। 

খোঁজাখুঁজির এক পর্যায়ে পানিতে তলিয়ে যাওয়া বৃদ্ধ নজরুলের নিথর দেহ পাওয়া গেলে তা পাড়ে তোলা হয় বলেও জানান তারা। 

এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহটি দাফনের জন্য তাদের হস্তান্তর করা হয়েছে। 


একাত্তর/জো