কলমাকান্দায় বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

নেত্রকোণার কলমাকান্দা উপ‌জেলায় বাড়ির সামনের বন্যার পানিতে ডুবে আলোমণি নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (২৮ জুন) সন্ধ্যার আগে আগে উপজেলার রংছাতি ইউনিয়নের বাতানিয়াপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত শিশু আলোমণি ওই গ্রামের শুটকি ব্যবসায়ী আলীমুল ইসলাম ও গৃহিনী মোসা. সাদিয়া খাতুন দম্পতির একমাত্র সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশু‌টির বাবা প্রতিদিনের ন্যায় সকালে পাঁচগাও বাজারে শুটকির দোকানে চলে যান। মা সাদিয়া ঘরের কাজে ব্যস্ত সময় পার করছিলেন। মৃতের দাদী খালেদা আক্তার বাড়ির সামনে বন্যার পানিতে কাপড় ধোয়ার কাজে ব্যস্ত ছিলেন। বি‌কেলের দি‌কে আলোমণি ঘরের বারান্দায় খেলছিল। এক ফাঁকে বাড়ির সকলের অজান্তে বাড়ির সামনের বন্যার পানিতে পড়ে ডুবে যায় শিশুটি। 

এক সময় বারান্দায় শিশু‌টি‌কে দেখ‌তে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁ‌জি শুরু করেন।এক পর্যায়ে বাড়ির সামনের তলিয়ে থাকা ফসলী জমিতে বদনা ভাসতে দেখে আলোমণির দাদী পানিতে নেমে খোঁজাখু‌জি করে নাতনিকে পানির নীচ থেকে উদ্ধার করেন। পরে বাড়ির লোকজন শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নি‌য়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. শরিফুল ইসলাম হৃদয় জানান, হাসপাতালে আনার পূর্বেই শিশু‌টির মৃত্যু হ‌য়ে‌ছে।

খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার ক‌রে থানায় নি‌য়ে যায়।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ খান জানান, পরিবারের পক্ষ থেকে কোন ধরণের অভিযোগ না থাকায় মরদেহ স্বজন‌দের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দা‌য়ের করা হয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/জো