নেত্রকোনার কলমাকান্দায় চাঞ্চল্যকর শিশু জান্নাতুল হত্যা মামলার বাদি ও সাক্ষীদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মামলায় গ্রেপ্তার থাকা পাঁচ আসামি আদালত থেকে জামিনে মুক্ত হয়ে এই হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন নিহত শিশুটির বাবা ও মামলার বাদি আর্শাদ মিয়া। একই সঙ্গে ঘটনার দীর্ঘ সময় পার হলেও মামলার তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় গভীর ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তিনি।
রোববার (১ নভেম্বর) দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সম্মেলনকক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসব অভিযোগ করেন নিহত শিশুটির বাবা।
সাংবাদিক সম্মেলনে জান্নাতুলের মা ইয়াসমীন আক্তার, পরিবারের অন্য সদস্য এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে আর্শাদ মিয়া অভিযোগ করেন, মেয়েকে নৃশংসভাবে হত্যার পর করা মামলায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছিলো। কিন্তু আসামিরা সম্প্রতি জামিনে মুক্ত হয়ে মামলা প্রত্যাহারসহ তাদের এবং মামলার প্রধান সাক্ষীদের নিয়মিত প্রাণনাশের হুমকি দিচ্ছেন। আসামিদের অব্যাহত হুমকিতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান তিনি। এ সময় তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ দাবি করেন।
মামলার বিবরণে জানা যায়, গত চার মে বিকেলে কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের হুগলী গ্রাম থেকে নিখোঁজ হয় শিশু জান্নাতুল। দুই দিন পর ছয় মে সকালে বাড়ির অদূরে একটি ধানখেত থেকে মুখে গামছা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিনই নিহত জান্নাতুলের বাবা আর্শাদ মিয়া বাদি হয়ে কলমাকান্দা থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার প্রায় ছয় মাস পার হলেও এখন পর্যন্ত হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও মূল রহস্য উদ্ঘাটন না হওয়ায় সাংবাদিক সম্মেলনে আক্ষেপ প্রকাশ করেন নিহত শিশুটির পরিবার। তারা দ্রুততম সময়ের মধ্যে মামলার সুষ্ঠু ও দৃশ্যমান অগ্রগতি দেখতে চান।
