শরীয়তপুরে বিভিন্ন এলাকায় জমে উঠেছে কোরবানীর পশুর হাট। এবার এই জেলায় অস্থায়ীভাবে ৫০টি কোরবানীর পশুর হাট বসেছে। এর মধ্যে শরীয়তপুরের সখিপুর, গোসাইরহাট, মনোহর বাজার, সাজনপুর বাজার, বদরগঞ্জ দারুল আমান, ডামুড্ডা, বিকে নগর , ভোব্জেশ্বর ও কাজিরহাট এলাকায় রমরমা অবস্থায় চলছে বেচা বিক্রি।
ঈদুল আযহা উপলক্ষে গত মাসের ২৫ তারিখ থেকে শুরু হওয়া এই হাট চলবে ঈদের পরে তিনদিন পর্যন্ত। এদিকে অন্যান্য বছরের তুলনায় এবার হাটগুলোতে ভিড় বেড়েছে। ক্রেতারা বলছেন, এবার সহনীয় পর্যায়ে আছে কোরবানীর পশুর দাম।
আর বিক্রেতারা বলছেন, বিক্রি করতে গিয়ে হাজার হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে তাদের।
তবে, এবার বিদেশী গরু না থাকলেও বিপুল পরিমাণ দেশীয় খামারের গরু ছাগল হাটে ওঠার কারণে দাম অনেক কম। যার কারণে অনেক ব্যবসায়ী বেশি মুনাফার আশায় গরু ছাগল নিয়ে যাচ্ছেন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে।
এসব হাটে পাঁচ চল্লিশ হাজার থেকে ১০ লাখ টাকায় গরু আর ৫০০০ থেকে ৪০ হাজার টাকায় পাওয়া যাচ্ছে ছাগল। বিক্রেতারা জানিয়েছেন, অন্যান্য বছরের তুলনায় এ বছর গরুর দাম কম হলেও বেচাকেনা কম।
এদিকে, হাটগুলোতে নিরাপত্তা প্রসঙ্গে শরীয়তপুরের গোসাইরহাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ শামীম জানিয়েছেন, ইতোমধ্যে হাটগুলোতে সব ধরণের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়াও, জাল টাকা দিয়ে যেন কাউকে প্রতারণা করতে না পারে তারও ব্যবস্থা নিয়েছেন তারা।
একাত্তর/ এনএ