রাঙ্গাবালীতে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৮

সালিশ বৈঠকে কথা-কাটাকাটিকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ১৮ জন। 

মঙ্গলবার (৫ জুলাই) রাত ১১টায় উপজেলার চরমোন্তাজ স্লুইস বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

ঘণ্টাব্যাপী সংঘর্ষে ইটপাটকেল ছোড়াছুড়ি করে দুই পক্ষের লোকজন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৮ জন আহত হয়েছেন। এসময় ভাংচুর করা হয়েছে একটি ব্যবসায়ী দোকান এবং চারটি মোটরসাইকেল।  

এদিকে, সংঘর্ষে আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুত্বর আহতদের উন্নত চিকিৎসার জন্য গলাচিপা ও  পটুয়াখালী নিয়ে যাওয়া হয়েছে।

জানা গেছে, চরমোন্তাজ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহীদুল খানের লোকজনের সঙ্গে ওই ইউনিয়নেরই আওয়ামী লীগের সহ-সভাপতি মোশারফ খা'র  লোকজনের এ সংঘর্ষ হয়।

এর আগে সন্ধ্যায় ওই ইউনিয়নের নয়ারচর গ্রামে একটি  সালিশ বৈঠক চলাকালীন মোশাররফ খা'র ভাইর ছেলে রিফাতের সাথে স্বেচ্ছাসেবক লীগ নেতা  শহীদুল খানের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে শহীদুল থাপ্পড় দেয় রিফাতকে।

আরও পড়ুন: ছাত্রলীগ নেতা ফয়সাল হত্যায় ১৭ জনের বিরুদ্ধে মামলা

এ খবর পেয়ে মোশাররফ খা'র লোকজন লাঠিসোটা নিয়ে স্লুইস বাজারে গেলে  দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ওইসময় শহীদুলের পক্ষে অবস্থান নেন চরমোন্তাজ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মনির প্যাদা ও সাধারণ সম্পাদক রাসেল খান। 

এ ব্যাপারে উপজেলার চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে৷ এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। 


একাত্তর/এসজে