দিনাজপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত তিন, আহত দুই

দিনাজপুরের সদর ও বীরগঞ্জ উপজেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ তিনজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শিশুসহ দুইজন।

পুলিশ জানায়, বুধবার (৬ জুলাই) ভোরে এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে ট্রাকের ধাক্কায় নিহত হন মোটরসাইকেল আরোহী মা বিউটি আক্তার (৩৫) ও তার মেয়ে ফাহিমা আক্তার (১৫)। 

এতে আহত হন বিউটির স্বামী মো. হোসাইন (৪৫) ও শিশুপুত্র নাসরুল্লাহ (২)। ঈদের ছুটিতে পরিবার-পরিজন নিয়ে মোটরসাইকেলে করে বাড়ী ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। 

এ দুর্ঘটনায় আহতরা দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আহত দুইজনের মধ্যে শিশু নাসরুল্লাহর অবস্থা গুরুতর।

তাদের বাড়ী চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলারহাট উপজেলার পাঁচটিকুড়ি গ্রামে। মো. হোসাইন দিনাজপুরের বিরল উপজেলার তেঘরা দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক। তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে বিরল উপজেলার ফরক্কাবাদ এলাকায় থাকতেন। 

অপরদিকে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১৬ মাইল নামক স্থানে সকাল ৮টায় যাত্রীবাহী কোচের ধাক্কায় মোটরসাইকেল চালক সাইদুর রহমান গুরুতর আহত হন। উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। 

আরও পড়ুন: রাঙ্গাবালীতে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৮

তিনি পেশায় একজন তহসিলদার ছিলেন। বীরগঞ্জ থেকে পার্বতীপুরে অফিসে যাচ্ছিলেন তিনি। তার বাড়ী কাহারোল উপজেলার কাশিপুর গ্রামে। 

দিনাজপুর কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান এ দুই দুর্ঘটনার কথা নিশ্চিত করেছেন। 


একাত্তর/এসজে