লালপুরে বাবার হাঁসুয়ার কোপে ছেলের মৃত্যু

নাটোরের লালপুরে বাবার হাঁসুয়ার কোপে ছেলের মৃত্যু হওয়ার ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেলে উপজেলার ৭ নং ওয়ালিয়া ইউনিয়নের ময়না গ্রামে এই ঘটনা ঘটে।  

জানা গেছে, নিহত আব্দুল হাকিম (৪৫) ময়না গ্রামের আজদার খলিফার বড় ছেলে।  

নিহতের পরিবার ও প্রতিবেশীরা জানান, বিকেল সোয়া তিনটার দিকে অন্য ব্যক্তিকে জমি লিজ দেওয়াকে কেন্দ্র করে পিতা-পুত্রের কথা কাটাকাটির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে বাবা ছেলের গলায় হাঁসুয়া দিয়ে কোপ দেয়। এতে হাকিম মাটিতে লুটিয়ে পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। 

জানা যায়, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে পথের মধ্যেই হাকিমের মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জমান জানান, সুরতহাল রিপোর্টের পরে মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। সেই সাথে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করলে আমরা তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করব।

পুলিশ ঘাতক পিতাকে আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। 


একাত্তর/জো