মোটরসাইকেলে বাড়ি ফিরতে গিয়ে না ফেরার দেশে দুই ভাই

মোটরসাইকেলে ঢাকা থেকে নাটোর যাওয়ার পথে মির্জাপুরে এক সড়ক দুর্ঘটনায় দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়। 

শুক্রবার (৮ জুলাই) সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতুগামী মহাসড়কের জামুর্কী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন নাটোর জেলার লালপুর উপজেলার কেশববাড়ি গ্রামের আরিফুল ইসলাম (৩৬) ও হাফিজুর রহমান (৩৫)। এদের মধ্যে আরিফুল ইসলাম এরিস্টোফার্মায় এবং হাফিজুর রহমান প্রাণ আরএফএলে চাকুরী করতেন বলে জানা গেছে। 

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক বেল্লাল হোসেন সাংবাদিকদের জানান, সকালে ঈদের ছুটিতে দুই চাচাতো ভাই মোটরসাইকেলে ঢাকা থেকে নাটোরের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে সকাল সাড়ে আটটার দিকে জামুর্কী পৌছলে তারা নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একই দিকগামী একটি ট্রাকের পেছনে ঢুকে পড়ে। এতে মোটরসাইকেলের চালক হাফিজুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান এবং আহত অবস্থায় আরিফুলকে উদ্ধার করে উপজেলাস্থ জামুর্কী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। 

আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। 


একাত্তর/জো