চেঙ্গী নদীতে ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে শ্রমিকের মৃত্যু

খাগড়াছড়ি জেলা সদরের দক্ষিণ গঞ্জপাড়ায় চেঙ্গী নদীতে পানিতে ডুবে এক শিশুসহ দুই জনের মৃত্যু ঘটেছে। 

শনিবার (৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নদীর পাড়ে খেলার সময় নদীতে পড়ে যায় গঞ্জপাড়ার নুর আলমের সাত বছরের ছেলে শামীম। তা দেখে শিশুটিকে বাঁচাতে নদীতে ঝাপ দেন দুই যুবক। কিন্তু তাদের মধ্যে একজন শিশু শামীমকে নিয়ে তীরে উঠতে পারলেও মো. আলমগীর (২৬) নামের ইটভাটা শ্রমিক পানিতে ডুবে যায়। 

পরে স্থানীয় বাসিন্দারা আলমগীর ও শামীমকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, আলমগীর সাতার জানতেন না। তার বাড়ি জেলা সদরের শালবন গ্রামে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ রশিদ জানান, কারও কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি পরিবারের সদস্যদের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। 


একাত্তর/জো