ভোলায় ঈদের দিন প্রতিবেশি দম্পতির ঝগড়া থামাতে গিয়ে বটির কোপে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১০ জুলাই) সকালে ভোলা সদরের আলীনগর ইউনিয়নের সাচিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতককে আটক করেছে।
নিহত যুবকের নাম নাহিদ (২০)। তিনি ওই এলাকার শাহে আলমের ছেলে। পেশায় নাহিদ কাঠমিস্ত্রি ছিলেন।
স্থানীয়রা জানান, প্রতিবেশি রাইহান ও তার স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি শুরু হয়। পরে রাইহানের স্ত্রী দৌড়ে নাহিদদের বাসার সামনে যায়। তখন নাহিদ এগিয়ে গিয়ে ঝগড়া থামানোর চেষ্টা করেন। এ সময় রাইহানের হাতে থাকা বটির কোপ নাহিদের ঘাড়ে গিয়ে পড়ে।
তারা আরও জানান, আহত নাাহিদকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসক জানায়, অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: শোলাকিয়ায় ঈদ জামাত অনুষ্ঠিত
জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সর্দার জানান, খবর পেয়ে ভোলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাইহানকে আটক করেছে।
একাত্তর/এসি