চুয়াডাঙ্গায় পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

চুয়াডাঙ্গায় পৃথক দুটি মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।  

ঈদের দিন রোববার (১০ জুলাই) চুয়াডাঙ্গা সদর ও দর্শনায় দুর্ঘটনা দুইটি ঘটে। 

নিহতরা হলো চুয়াডাঙ্গা সদর থানার জাফরপুর গ্রামের মৃত খোকাই শেখের ছেলে ফরজ আলী (৭০) ও দর্শনার মদনা গ্রামের গনির ছেলে এনামুল শাহ (৩২)।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব হোসেন জানান, সকালে জাফরপুর বিজিবি ক্যাম্পের সামনে নামাজ পড়তে যাবার সময় এক মোটরসাইকেল চালক ফরজ আলীকে ধাক্কা মেরে ফেলে চলে যায়। ফরজ আলীকে ঘটনাস্থলে পড়ে থাকতে দেখে একজন ভ্যানচালক তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  

এদিকে, দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লৎফুল কবীর জানান, দুপুরে দর্শনা থানার মদনা সড়াবাড়িয়া রোডে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দিলে মোটরসাইকেল চালক মদনা গ্রামের গনির ছেলে এনামুল শাহ নামের এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। 

দু’টি ঘটনায় কারও কোনো অভিযোগ না থাকায় পুলিশ তাদের পরিবারকে নিহতদের লাশ দাফনের জন্য হস্তান্তর করে। 


একাত্তর/জো